সোমবার, ০২ মার্চ ২০২৬,

বগুড়ায় বোরকা নিয়ে কটূক্তি, মহিলা জামায়াতের নিন্দা

বগুড়ায় বোরকা নিয়ে কটূক্তি, মহিলা জামায়াতের নিন্দা

বগুড়ায় নারীদের বোরকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা একটি মন্তব্যকে কেন্দ্র করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। সংগঠনটি বলছে, ওই মন্তব্য পর্দানশীল নারীদের অবমাননা এবং ধর্মীয় বিধানের প্রতি অসম্মান প্রদর্শনের শামিল।

সোমবার (২ ফেব্রুয়ারি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বগুড়া শহর শাখার সহকারী সেক্রেটারি মরিয়ম আক্তার মুন্নি এ প্রতিবাদ জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সবুর শাহ লোটাস নামের এক ব্যক্তি তার ফেসবুক পোস্টে বোরকা ও হিজাব পরা নারীদের নিয়ে ‘বিরূপ ও কটূক্তিমূলক’ মন্তব্য করেন। পোস্টে তিনি দাবি করেন, একই ধরনের হিজাব ও বোরকা উপহার হিসেবে দেওয়া হয়েছে—এমন ইঙ্গিতপূর্ণ কথা বলেন, যা নারীদের মর্যাদাহানিকর।

জামায়াতের মহিলা বিভাগের দাবি, ইসলামে নারীদের পর্দা করা ফরজ, আর বোরকা তারই অংশ। তারা নিজেদের অর্থে বোরকা তৈরি ও ব্যবহার করেন, কারও কাছ থেকে উপহার নেন না।

সংগঠনটি আরও অভিযোগ করে, নির্বাচনকে সামনে রেখে কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরা বোরকা পরিহিতা নারীদের সঙ্গে বিভিন্ন স্থানে অশালীন আচরণ করছেন, যা উদ্বেগজনক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বোরকা নিয়ে এ ধরনের মন্তব্য পর্দানশীল নারীদের অপমানের শামিল এবং ইসলামী বিধানকে অবমাননা করে।

এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিকে অবিলম্বে ক্ষমা চাইতে আহ্বান জানানো হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে সংগঠনটি।


আরআই